Advertisement

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার

জুলাই আন্দোলনে রাজধানীর আফতাবনগরে আল আমিন হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম। এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি করা হয়। 

প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই হারুন-অর-রশিদ গত ২০ জানুয়ারি আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিলেন।

এদিন শুনানিকালে মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুরকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত আসিবুরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির সামনে ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে আন্দোলনে অংশ নেন আল আমিন। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। পায়ে গুলিবিদ্ধ হন আল আমিন। পরে হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় তিনি ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন।

ওই বছরের ২৬ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে আসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *