কদিন আগে বদলে দেওয়া হয় রানী মুখার্জি অভিনীত ‘মার্দানি-৩’ সিনেমার মুক্তির তারিখ। শুরুতে নির্মাতাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, ‘মার্দানি-৩’ মুক্তি পাবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এরপর হঠাৎ করে প্রযোজকরা জানান ফেব্রুয়ারি নয়, সিনেমাটি মুক্তি দেওয়া হবে ৩০ জানুয়ারি। এ নিয়ে অনেক আলোচনাও হয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের মাঝে। যেখানে নানা কারণে সিনেমা মুক্তি পিছিয়ে দেওয়া হয়, সেখানে মুক্তির তারিখ এগিয়ে নিয়ে আসায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
তবে এটি তত বড় ঘটনা নয়, যা এবার ঘটতে দেখা গেল। বহুল আলোচিত ‘মার্দানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই সিনেমায় পড়ল সেন্সর বোর্ডের কাঁচি। আগের দুই কিস্তির সিনেমা দর্শকের কাছে এ খবর ছিল চমকে যাওয়ার মতো। কেন এটি হলো? সে প্রশ্নই অনেকের। এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো– এই তথ্য যে, ‘মার্দানি-৩’ সিনেমায় এমন কিছু দৃশ্য ও সংলাপ আছে, যা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে দর্শকের মাঝে। সে কারণে সিনেমায় কাঁচি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা।আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম এ তথ্যের পাশাপাশি আরও জানিয়েছে, সেন্সর বোর্ড প্রথমেই সিনেমায় মাদকবিরোধী সতর্কবার্তা যোগ করার নির্দেশ দিয়েছে। সংলাপে ব্যবহৃত ‘বাচ্চি’ শব্দ বদলে ‘লড়কি’ ব্যবহার করতে বলেছে, এটি স্পষ্ট হয়েছে যে, নির্যাতিতা নাবালিকা নন।
এ ছাড়া আরও কয়েকটি দৃশ্য ও সংলাপ সংশোধনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এমনকি ভারতের সরকারের প্রতি নেতিবাচক ইঙ্গিত রয়েছে, এমন শব্দ বা সংলাপও সংশোধনের আওতায় এসেছে। সবশেষে, নির্দেশ দেওয়া হয়েছে, সিনেমায় শিশু ও নারী পাচার সংক্রান্ত তথ্যভিত্তিক সতর্কবার্তা যুক্ত করার। সব মিলিয়ে ১৪টি দৃশ্য কাটাছেঁড়া করা হয়েছে। এর ফলে সিনেমার দৈর্ঘ্য ৬ মিনিট ৩০ সেকেন্ড কমে গেছে।
প্রসঙ্গত, ‘মার্দানি’ ও ‘মার্দানি-২’ সিনেমায় দর্শক রানী মুখার্জিকে একেবারে অন্যরূপে আবিষ্কার করেছেন। তাই ‘মার্দানি-৩’ সিনেমার পোস্টার প্রকাশের অভিনেত্রীর শিবানী শিবাজি রায় চরিত্রটি নতুন করে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। রহস্য, রোমাঞ্চে ভরপুর এই সিনেমা এখন বলিউড বক্স অফিসে কতটা আলোড়ন তোলে, এখন সেটি দেখার অপেক্ষা।






Leave a Reply